
গাজীপুরের কালিয়াকৈরে স্বামীর নির্যাতন সইতে না পেরে নিজ গায়ে আগুন দিয়েছেন ফাতেমা আক্তার (৪৫) নামে এক গৃহবধূ।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাতে উপজেলার আন্দার মানিক এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীকে দগ্ধাবস্থায় শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২৮ বছর আগে ফাতেমা আক্তার ও সুরুজ আলীর বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় স্ত্রীকে মারধোর করতেন সুরুজ। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতেও ফাতেমাকে মারপিট করেন তিনি। নির্যাতন সহ্য করতে না পেরে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন ফাতেমা। পরে তার চিৎকার শুনে পরিবারের অন্য সদস্য ও প্রতিবেশীরা এগিয়ে আসেন এবং তাকে উদ্ধার করে ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিট ভর্তি করান। ততক্ষণে ফাতেমার শরীর অনেকাংশই আগুনে পুড়ে যায়।
এ বিষয়ে সুরুজ আলী জানান, আমি গাড়ি নিয়ে বাইরে ছিলাম আমার বোন আমাকে খবর দেয়। খবর পেয়ে বাড়িতে এসে দেখতে পাই ফাতেমার শরীর আগুনে পুড়ে গেছে।
মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম জানান, বিষয়টি তারা জানেন না। তবে পরবর্তীতে এ বিষয়ে অনুসন্ধান করবে পুলিশ।




