
রাঙ্গামাটির কাপ্তাইয়ে পিকনিকের বাসের ধাক্কায় আবদুল্লাহ আল হাসিব (২০) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। তিনি বাংলাদেশ-সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের (বিএসপিআই) প্রথম বর্ষের ছাত্র ছিল।
শুক্রবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কাপ্তাই সড়কের ৫নং ওয়াগ্গা ইউনিয়নের বালুরচর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাসিব কাপ্তাই ইউনিয়নের নতুন বাজার এলাকার ফরেস্ট কলোনি জামে মসজিদের ইমাম মো. মাহবুব রহমানের ছেলে।
জানা যায়, শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কের বালুরচর নামক স্থানে চট্টগ্রামগামী পিকনিকের বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা আবদুল্লাহ আল হাসিব ও তার বন্ধু রিয়াজুল ইসলাম সনেট (২০) আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে হাসিব মারা যান।
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক রনি জানান, হাসপাতালে আনার আগেই হাসিবের মৃত্যু হয়েছে। আহত অন্যজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




