
রাঙ্গামাটির কাউখালীতে তারাবুনিয়ায় খাঁজা গরীবে নেওয়াজ ইটভাটা থেকে তিন শ্রমিককে অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (২৮ ডিসেম্বর) মধ্যরাতে তাদের অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেন ইটভাটার মালিক ফারুক ও ইদ্রিস।
অপহৃত শ্রমিকরা হলেন, চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ এলাকার গাজী তাহেরের ছেলে মো. জিয়াউর রহমান (২৮), নোয়াখালী সদরের মৃত রহমত উল্লাহর ছেলে আহসান উল্লাহ (২৯) ও মো. মোসলেম উদ্দিন (৪০)।
ইটভাটার মালিক ইদ্রিস জানান, বুধবার মধ্যরাতে একদল অস্ত্রধারী সন্ত্রাসী ইটভাটায় প্রবেশ করে চাঁদা দাবি করেন। চাঁদা না-দেওয়ায় তারা তিন শ্রমিককে অপহরণ করে এবং ইটভাটার সব কাজ বন্ধ রাখার হুমকি দিয়ে যায় সন্ত্রাসীরা।
কাউখালী থানার ওসি পারভেজ আলী জানান, ইটভাটা থেকে তিন শ্রমিককে অপহরণ করার বিষয়টি মৌখিকভাবে জানিয়েছে ইটভাটার মালিক ফারুক। তবে এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি।




