
রাজধানীর প্রবেশ মুখ কেরানীগঞ্জের কদমতলীসহ বেশ কয়েকটি পয়েন্টে পুলিশের সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে। বিভিন্ন যানবাহন থামিয়ে যাত্রীদের তারা জিজ্ঞাসাবাদ করছেন। সন্দেন হলে মোবাইল আইডিকার্ডসহ সঙ্গে থাকা জিনিসপত্র চেক করছেন।
শনিবার (১০ ডিসেম্বর) সকাল থেকেই সড়কে বড় ধরনের যানবাহন চলাচল খুবই কম দেখা গেছে। সিএনজি, ইজিবাইক ও মোটরসাইকেল চলাচলও অন্যান্য দিনের তুলনায় অনেক কম। এদিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কয়েকটি পয়েন্টে পুলিশের অবস্থান লক্ষ্য করা গেছে। ওই সড়কেও যানবাহন চলাচল অনেকটা কম। দোহার ও নবাবগঞ্জ উপজেলা থেকে ঢাকা আসার মোড় টিকরপুরে পুলিশ মোতায়েন করা হয়েছে।
তবে কেরানীগঞ্জ মডেল থানার ওসি মামুন-উর-রশিদ দাবি করেন, জনগনের জানমালের নিরাপত্তা দিতে মাঠে আছেন তারা। একই সঙ্গে কেউ যাতে নাশকতা সৃষ্টি করতে না পারে, সেদিকে দৃষ্টি রাখছে পুলিশ।




