
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ট্রাকেরচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় কালীগঞ্জ উপজেলায় বলিদাপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি মহেশপুর উপজেলার ইসলামপুর গ্রামের হজরত আলীর ছেলে শাহ আলম চঞ্চল (৩০)।
নিহতের আত্মীয় ইউনুচ আলী জানান, চঞ্চল মহেশপুরের বাসিন্দা হলেও বসবাস করেন কোটচাঁদপুর শহরে। কোটচাঁদপুর কলেজ মোড়ে তার একটি স্টুডিও আছে। পাশাপাশি তিনি ফটোকপি মেশিনের মিস্ত্রির কাজ করতেন।
তিনি আরও জানান, শনিবার কালীগঞ্জ উপজেলার চাপরাইল বাজারের একজন মেশিন মেরামতের কথা বলে সেখানে যান তিনি। পরে একই দিন সন্ধ্যা ৭টার দিকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে যশোর-ঝিনাইদহ সড়কের বলিদাপাড়ায় পৌঁছালে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই মারা যান তিনি।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আব্দুর রহিম জানান, শনিবার সন্ধ্যায় খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




