
‘বিএনপির ১০ দফা সংবিধানকে কবর দেওয়ার ষড়যন্ত্র এবং দুর্নীতিবাজ, চিহ্নিত জঙ্গিদের মুক্তি আবদারের দলিল’ বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল ইনু। এ ১০ দফা দিয়ে বিএনপি আরেকবার প্রমাণ করল তারা দেশটাকে সংবিধানের বাইরে ঠেলে দিতে চায়। অস্বাভাবিক সরকার গঠনের রাজনীতিতেই থেকে গেল তারা।
রোববার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া সার্কিট হাউজে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের ইনু এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি যাদের আলেম বলছে তারা কেউই আলেম নন। আলেম হওয়ায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। যারা কারাগারে আছেন তারা নারী ধর্ষণকারী, জঙ্গি সন্ত্রাসী ও খুনি। অর্থ পাচার নিয়ে ১০ দফায় যে প্রস্তাব দেওয়া হয়েছে তা হাস্যকর। কারণ, তারা ক্ষমতায় থাকতে হাওয়া ভবন বানিয়ে অর্থ পাচার করেছেন তার একটি অংশ এর মধ্যে ফেরত এসেছে।
এ সময় জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




