
টাঙ্গাইলের কালিহাতিতে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সোমবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে দশটার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতুর আগে রাজাবাড়ি রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও রেলসূত্রে জানা যায়, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেন কালীহাতির রাজাবাড়ি রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ১১ নং বগি লাইনচ্যুত হয়। এতে ওই রেললাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
এ ব্যাপারে টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশন মাস্টার মো. সোহেল বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষকে ট্রেন লাইনচ্যুত হওয়ার বিষয়টি জানানো হয়েছে। মালবাহী ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। পথে রাজাবাড়ি রেলক্রসিং পার হওয়ার সময় লাইনচ্যুত হয়। এতে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
জানতে চাইলে রেলের প্রকৌশল বিভাগে কর্মরত নুরুজ্জামান মিয়া বলেন, ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনাটি শোনার পর ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছি। সেখানে গিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। যাতে দ্রুত রেল যোগাযোগ স্বাভাবিক হয়।




