
রাজশাহী থেকে পঞ্চগড়গামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি চারঘাটের সরদহ রেলওয়ে স্টেশনের অদূরে লাইনচ্যুত হয়েছে।
সোমবার (১২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে কেউ হতাহত হয়নি। এতে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
খবর পেয়ে ঈশ্বরদী জংশনের একটি রিলিফ ট্রেন ইতোমধ্যে উদ্ধার কাজের জন্য ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
এ বিষয়ে রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আব্দুল করিম বলেন, রাজশাহীতে রেলওয়ে স্টেশন থেকে রাতে পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে যাওয়া বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি চারঘাটের সরদহ রেলস্টেশনের অদূরে লাইনচ্যুত হয়েছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তিনি বলেন, বগির আটটি চাকা লাইন থেকে নিচে নেমে গেছে। তবে ওই বগিটি রেখেই ট্রেনটি পঞ্চগড়ের উদ্দেশে কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে।
আব্দুল করিম আরও বলেন, লাইনচ্যুত হওয়া বগিটি উদ্ধার করার জন্য ঈশ্বরদী জংশন থেকে একটি রিলিফ ট্রেন রওনা দিয়েছে। ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছালে লাইনচ্যুত বগিটি উদ্ধার করা হবে। তারপর এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। এ ছাড়া দুর্ঘটনার কারণে রাজশাহী থেকে ঢাকাসহ পশ্চিমাঞ্চল রেলওয়ের অন্যান্য রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলেও জানান তিনি।
আজ রাতের আন্তঃনগর ট্রেন ধূমকেতু এক্সপ্রেস ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে কি-না, এমন প্রশ্নে রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আব্দুল করিম বলেন, ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি রাত ১১টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে বাংলাবান্ধা এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার কারণে শিডিউল বিপর্যয় ঘটবে। ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেনটি চারঘাটের সরদাহে পৌঁছানোর পর লাইনচ্যুত বগিটি উদ্ধার করা হবে। এরপর ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।




