
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।
বুধবার (১৪ ডিসেম্বর) ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল ৯টায় ওই ইউনিয়নের রাইটা-ভেড়ামারা সড়কের মাঝামাঝি বাঁকাপুল এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের তারা ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন, ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ গ্রামের মৃত লাল বাবুর ছেলে মজনু আলী (৫৫) ও তার স্ত্রী হাবিবা খাতুন (৪৫)।
জানা গেছে, বুধবার সকালে উপজেলার বাঁকাপুল এলাকায় কাভার্ডভ্যান-সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সিএনজির যাত্রীরা আহত হন। পরে ভেড়ামারা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে হতাহতদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মজনু ও তার স্ত্রীকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরে কাভার্ডভ্যান ও সিএনজিচালক গাড়ি রেখে পালিয়ে গেছেন।
এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, কাভার্ডভ্যান-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত দুজন ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।




