
নওগাঁয় আলোর মিছিলে স্মরণ করা হলো একাত্তরে শহীদ বুদ্ধিজীবীদের।
বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বের করা হয় আলোর মিছিল। শহীদ মিনার চত্বর থেকে আলোর মিছিলটি যাত্রা শুরু করে। শহরের সরিষাহাটির মোড়, ব্রিজের মোড় ও কেডির মোড় হয়ে মিছিলটি মুক্তির মোড় শহীদ স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। সেখানে শহীদ বেদিতে প্রজ্বলিত মোমবাতি রেখে শহীদদের শ্রদ্ধা জানানো হয়।
এর আগে শহীদ মিনার চত্বরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদদের শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য রাখেন বিশিষ্টজনেরা। একুশে পরিষদ নওগাঁর সভাপতি ডিএম আব্দুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা ওহিদুর রহমান, নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, ডা. ময়নুল হক ওরফে দুলদুল ও বিন আলী, সংগঠনের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, সহসভাপতি মোস্তফা আল মেহমুদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদদের স্বপ্ন এখনও পূরণ হয়নি। বর্তমান শাসকগোষ্ঠী নিজেদের মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি দাবি করলেও রাষ্ট্রীয় পর্যায় থেকে সাম্প্রদায়িক গোষ্ঠীর সঙ্গে যোগসাজশ করে শিক্ষাব্যবস্থা ও পাঠ্যসূচির সাম্প্রদায়িকরণ করা হচ্ছে। এর ফলে বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে জানতে পারছে না।
এ অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ নওগাঁ।




