
নওগাঁর মহাদেবপুর উপজেলার নওগাঁ-চৌমাশিয়া মহা-সড়কের হাট চকগৌরী এলাকায় ট্রাকের ধাক্কায় আজির শাহ (৪৮) নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহত আজির শাহ নওগাঁ সদর উপজেলার বলিহার ইউনিয়নের পয়না গ্রামের মৃত তছির শাহ’র ছেলে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে নওহাটা পুলিশ ফাঁড়ির এস আই জিয়াউর রহমান জানান, নিহত আজির শাহ বাগান থেকে পেয়ারা কিনে শহরে বিক্রি করতেন। প্রতিদিনের মত আজ শহরে পেয়ারা বিক্রি শেষে সাইকেল নিয়ে বাড়িতে যাচ্ছিলেন। এ সময় উক্ত স্থানে আসলে একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, সংবাদ পাওয়ার পর ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।




