
রাজধানীর যাত্রাবাড়ীতে রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় ইভা আক্তার (৪) নামে একটি শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুটির দাদি মমতাজ বেগম (৫০)।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টায় যাত্রাবাড়ীর চিটাগাং রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত মমতাজ বেগমের জামাতা আবদুর রহমান লিটন জানান, মেয়ে, ভাতিজি এবং দুই নাতি-নাতনিসহ নারায়ণগঞ্জের চিটাগাং রোডে এক আত্মীয়ের বাসায় বেড়াতে যাচ্ছিলেন মমতাজ বেগম। পথে এ দুর্ঘটনা ঘটে।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসাইন বলেন, রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় ঘটনাস্থলেই শিশুটি নিহত হয়। সঙ্গে থাকা শিশুটির দাদি মমতাজ বেগমও আহত হয়েছেন।
তিনি বলেন, লাশ থানায় নেওয়া হয়েছে। আহত মমতাজ বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।




