
৫১ তম বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ) এর মধ্যে যৌথ রিট্রিট সিরিমনি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকেল ৫টায় আখাউড়া চেকপোস্টের শূন্য রেখায় দু’দেশের সুসজ্জিত চৌকস দলের অংশগ্রহণের মাধ্যমে এই যৌথ রিট্রিট সিরিমনি অনুষ্ঠিত হয়।
এ সময় যৌথ কুচকাওয়াজ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, বিজিবি’র সরাইল রিজিওয়নের ডেপুটি রিজিয়ন কমান্ডার কর্নেল কাজী শামীম পিএসসি, সুলতানপুর ৬০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. আশিক হাসান উল্ল্যাহ।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পক্ষে উপস্থিত ছিলেন ১২০ বিএসএফ ব্যাটালিয়ন (ফটিকছড়ি) এর অধিনায়ক শ্রী রাথনেশ কুমার, বিএসএফ লঙ্কা মোড়া কোম্পানি কমান্ডার এসআই বিনদ সিংসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানের প্রধান অতিথি বিজিবি’র সরাইল রিজিওয়নের ডেপুটি রিজিয়ন কমান্ডার কর্নেল কাজী শামীম পিএসসি বলেন, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে বন্ধুপ্রতিম দেশ ভারতের প্রত্যক্ষ সহযোগিতায় আমাদের স্বাধীনতা অর্জনে অগ্রণী ভূমিকা রেখেছিল। উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নিদর্শনস্বরূপ প্রতিনিয়তই এই রিট্রিট সিরিমনি প্যারেড অনুষ্ঠিত হয় বলে জানান তিনি।
পরে বিএসএফ এর পক্ষ থেকে বিজিবিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন উপহার সামগ্রী দেওয়া হয়। এ সময় বিজিবির পক্ষ থেকেও বিএসএফের সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও উপহার বিনিময় করা হয়।




