
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক প্রশ্ন রেখেছেন, রাজধানীতে বসবাসকারী দুই কোটি মানুষের শান্তিতে বিঘ্ন ঘটালে পুলিশ কি তা তাকিয়ে তাকিয়ে দেখবে?
শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
খন্দকার গোলাম ফারুক বলেন, জাতির সব ক্রান্তিকালে ডিএমপি জাতির পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। যেভাবে একাত্তরে বুকের রক্ত বিলিয়ে দিয়ে পুলিশ মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছেন, সামনের দিনগুলোয় আপনারা সেভাবে কাজ করবেন।
ডিএমপি কমিশনার বলেন, ১৯৭১ সালে যে পুলিশের সূচনা সেই পুলিশের সদস্য হিসেবে গর্ব করে বলতে পারি, আমরা সেই ধারাবাহিকতা ধরে রেখেছি। ১৯৭১ সালে পুলিশ যেমন জীবন দিয়ে যুদ্ধ করেছেন, আমরাও পরবর্তীতে বাঙালি জাতির জন্য সব ক্রাইসিস সময়ে পাশে থাকছি। ভবিষ্যতে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলতে চায় বাংলাদেশ পুলিশ তা হতে দেবে না।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) সৈয়দ নুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ, যুগ্ম পুলিশ কমিশনার, উপপুলিশ কমিশনার প্রমুখ।




