
গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার বেড়াইদেরচালা গ্রামের ভাড়াবাড়ির টয়লেটে থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ইতোমধ্যে শিশুটির দুলাভাই মো. মাজাহারুল পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন।
রোববার (১৮ ডিসেম্বর) বিকেলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বেলা সাড়ে ১০টায় ভাড়া বাড়ির বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তি নেত্রকোণা জেলার সদর উপজেলার নয়াপাড়া গ্রামের মো. মানিক মিয়ার ছেলে শফিকুল ইসলাম (৬)। তিনি পরিবারের সঙ্গে শ্রীপুর পৌর এলাকার চন্নাপাড়া গ্রামে মো. সিদ্দিকের বাড়িতে ভাড়া থাকত।
স্থানীয়রা জানান, বেড়াইদেরচালা গ্রামের মনিরুজ্জামান শীতলের ভাড়া দেওয়া বাড়ির টয়লেট থেকে শিশুর মরদেহটি উদ্ধার করা হয়। মনিরুজ্জামান সারিবদ্ধ ঘরগুলো কারখানার শ্রমিকদের কাছে ভাড়া দিয়ে থাকেন। বাড়ির পাশের এক ব্যবসায়ী রোববার সকালে টয়লেটে গেলে ভেতরে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বাড়ির মালিককে জানান। এ সময় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশ।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহাদত হোসেন জানান, নিহত শিশুর দুলাভাই পুলিশের কাছে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন। তার জিজ্ঞাসাবাদ চলছে।




