
বরিশালের গৌরনদী উপজেলার টরকি বন্দরে বিজয় দিবসের অনুষ্ঠানের ফেসবুক লাইভে নাম না বলায় এক সাংবাদিককে পিটিয়ে পা ভেঙে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতা রাশেদ হাওলাদারের বিরুদ্ধে।
শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ব্যক্তির নাম রাশেদ হাওলাদার। তিনি পৌরসভার ৩নং ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতি। আহত সাংবাদিকের নাম মোল্লা ফারুক হাসান। তিনি গৌরনদী উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এবং স্থানীয়ভাবে একটি নিউজ পোর্টাল চালান।
মোল্লা ফারুক জানান, গত ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে ফেসবুক লাইভে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের কথা বলছিলাম। এ সময় প্রশাসন এবং উপজেলা আওয়ামী লীগ, যুবলীগসহ অন্যান্য সংগঠনের সিনিয়র নেতাকর্মীর বলা হয়েছিল। পৌরসভার ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রাশেদ হাওলাদারের নাম কেনো বলা হয়নি, প্রশ্ন তুলে শনিবার বিকেলে দুই দফায় হামলা চালিয়ে ডান পা ভেঙে দেয়।
অভিযুক্ত ছাত্রলীগ নেতা রাশেদ হাওলাদার জানান, এমন কোনো ঘটনা সম্পর্কে জানেন না তিনি।
উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু জানান, ইতোমধ্যে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাশেদ হাওলাদারকে সংগঠন থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, ভুক্তভোগী সাংবাদিক হামলার ঘটনায় লিখিত অভিযোগ দিয়েছেন। তবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




