
৩৬ বছর পর আর্জেন্টিনার জয়ে উল্লসিত সমর্থকরা। জয় নিশ্চিত হওয়ার পরপরই সারাদেশের মতো বাঁধভাঙা উল্লাসে মেতে উঠে নরসিংদীর আর্জেন্টাইন সমর্থকরা। বের করে আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা।
এদিকে পৌর শহরের অলিগলি থেকে আনন্দ মিছিল নিয়ে একসাথে জড়ো হন স্বাধীনতা চত্বরে। শত শত অনুসারীরা ভুভুজেলা, ব্যানার নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে। ম্যাচ শেষে আতশবাজি ফোটানো শুরু করে ভক্তরা। আনন্দ মিছিল স্লোগানে সবার মুখে মুখে মেসি আর মেসি!
আর্জেন্টিনা ভক্ত প্রতাব সাহা বলেন, এ জয় ফুটবলের, এ জয় মেসির। অনেক সমালোচনার জবাব এই জয়। এমন ফুটবল ম্যাচ আমি আগে কখনও দেখিনি। এটি ছিলো মেসির শেষ বিশ্বকাপ, এই শেষ বিশ্বকাপ জয় করে আমাদের নয়নের মণিকোঠায় থাকবে সারাজীবন। আর্জেন্টিনা সব খেলোয়াড় দুর্দান্ত খেলে ম্যাচ জিতেছে, চ্যাম্পিয়ন হয়েছে। শুভকামনা রইল তাদের প্রতি।
সালাউদ্দিন আহমেদ বলেন, ‘অবশেষে আমরা চ্যাম্পিয়ন। এখন আর কেউ আমাদের আর্জেন্টিনাকে নিয়ে কিছু বলতে পারবে না।’ ভয় ও দুশ্চিন্তা নিয়ে মেসি হাতে বিশ্বকাপ। লাভ ইউ মেসি, লাভ ইউ আর্জেন্টিনা।
আরেক আর্জেন্টিনা সমর্থক রাসেল মিয়া বলেন, প্রথমার্ধেই ২-০তে এগিয়ে থেকে ভেবেছিলাম আর্জেন্টিনার জয় নিশ্চিত। কিন্তু ৭৯ মিনিটের পর ফ্রান্সের কামব্যাক আমাদের দুশ্চিন্তায় ফেলে দিয়েছিলো। এরপর অতিরিক্ত মিনিটে আর্জেন্টিনার গোলের উচ্ছ্বাস কাটতে না কাটতেই আবারও ফ্রান্স পেনাল্টি পেয়ে যায়। শেষ মুহূর্তে মনে হয়েছিলো এই মনে হয় হেরে গেলাম। কিন্তু আমাদের মেসি ও বাজপাখি মার্টিনেজ আমাদের জয় দিয়েছে।




