
মাদক মামলায় দণ্ডিত হয়ে চট্টগ্রাম কারাগারে থাকা আব্দুস শুক্কুর (৬২) ও রফিকুল ইসলাম (৭১) নামে দুই বন্দির মৃত্যু হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে সোমবার (১৯ ডিসেম্বর) ভোরে শুক্কুর এবং রোববার (১৮ ডিসেম্বর) রফিকুল মৃত্যুবরণ করেন।
কারা কর্তৃপক্ষ জানায়, গত সেপ্টেম্বর মাসে একটি মাদক মামলায় রফিকুল ইসলামকে ৬ মাসের দণ্ড দিয়ে কারাগারে পাঠান আদালত। এরপর শারীরিক নানা জটিলতায় তাকে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সর্বশেষ গত শনিবারে তিনি আবারও অসুস্থ হয়ে পড়লে চমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে কয়েক ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।
অন্যদিকে গত বছরের অক্টোবরে একটি মাদক মামলায় আব্দুস শুক্কুরকে দুই বছরের দণ্ড দিয়ে কারাগারে পাঠান আদালত। রোববার সন্ধ্যায় তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে চমেক হাসপাতালে নেওয়া হলে সোমবার ভোরে মৃত্যু হয়।
এ বিষয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মনির হোসেন গণমাধ্যমকে বলেন, মাদক মামলায় দণ্ডপ্রাপ্ত দুই আসামি চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।




