
গাইবান্ধার সাদুল্লাপুরে কৃষকের বাড়িতে গরু চুরি করতে গিয়ে চোর সন্দেহে অজ্ঞাতনামা (৪৫) এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরে দামোদরপুর ইউনিয়ন (ইউপি) সদস্য আবদুর রহিম মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (১৯ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের দক্ষিণ ভাঙ্গামোড় গ্রামে এ ঘটনা ঘটে।
আবদুর রহিম মিয়া জানান, সোমবার গভীর রাতে ভাঙামোড় গ্রামের নুরু মিয়ার বাড়িতে গরু চুরি করতে যায় কয়েকজন ব্যক্তি। পরে টের পেয়ে স্থানীয় লোকজন ধাওয়া করে। এ সময় এক ব্যক্তিকে আটক করে গণপিটুনি দেয়। এতে গুরুতর আহত হলে মঙ্গলবার ভোর ৬টায় তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
এ বিষয় সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায়ের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে ধরেনি তিনি।
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার আবু লাইস মো, ইলিয়াস মুঠোফোনে বলেন, ঘটনাটি শুনেছি। তদন্ত করে দেখা হচ্ছে।




