
গাজীপুরের টঙ্গীতে রেহেনা আক্তার (২৮) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এরশাদনগর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
রেহেনা আক্তার ওই এলাকার সিরাজ মিয়ার মেয়ে।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, রেহেনা ও তার ভাতিজি সামিয়া আক্তার একই কক্ষে থাকতেন। মঙ্গলবার সকালে সামিয়া প্রাইভেট পড়তে চলে যায়। এ সময় রেহেনা ওই কক্ষের দরজা বন্ধ করে দেন। কয়েক ঘণ্টা তার কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যদের পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ওই ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রেহেনা আত্মহত্যা করেছেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হবে।




