
যশোরের মনিরামপুর উপজেলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২১ ডিসেম্বর) মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হান্নান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে স্বজনরা ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেন।
নিহত ব্যক্তি উপজেলার প্রতাপকাটি গ্রামের বিপুল সেনের ছেলে মৃত্যুঞ্জয় সেন (২২)। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
স্বজনরা জানান, মৃত্যুঞ্জয় সেন দীর্ঘদিন অসুস্থ থাকায় লেখাপড়ায় পিছিয়ে পড়েন। সেই হতাশা থেকে ঘরে ফ্যানের সঙ্গে রশি জড়িয়ে আত্মহত্যা করেন তিনি।
স্থানীয় ঢাকুরিয়া কলেজের অধ্যক্ষ তাপস কুন্ডু জানান, মৃত্যুঞ্জয় প্রতিবন্ধী ছিল। হাত-পা বাঁকা ছিল। কিন্তু প্রতিবন্ধকতাকে জয় করে সে আমার কলেজ থেকে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছিল। পরে মৃত্যুঞ্জয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিবিএ ভর্তি হয়।
তিনি আরও জানান, মৃত্যুঞ্জয় হিসাব বিজ্ঞান বিভাগে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। এক বছর ধরে গুরুতর অসুস্থ হয়ে পড়ে মৃত্যুঞ্জয়। অসুস্থতার কারণে সে লেখাপড়ায় এক বছর পিছিয়ে পড়ে। এতে সে হতাশায় ভুগছিল।
এ বিষয়ে উপপরিদর্শক (এসআই) আব্দুল হান্নান বলেন, হতাশা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মৃত্যুঞ্জয় আত্মহত্যা করেছেন। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।




