
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানার বাবাকে হেরোইনসহ আটক করেছে পুলিশ।
বুধবার (২১ ডিসেম্বর) সকালে রাজশাহী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি আব্দুল হাই এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নিজ বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি মাটিকাটা ইউনিয়নের উজানপাড়া গ্রামের মৃত আয়েশ উদ্দিনের ছেলে মজিবুর রহমান (৫৪)। তিনি মাটিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানার বাবা।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই জানান, মঙ্গলবার সন্ধ্যায় গোপন খবর ছিল ইউপি চেয়ারম্যান সোহেল রানার বাবা হেরোইন বেচা-কেনার জন্য তার এলাকায় অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে বাড়ির সামনে থেকে ৫ গ্রাম হেরোইনসহ তাকে আটক করে। আমাদের কাছে তথ্য ছিল তার কাছে আরও বেশি হেরোইন আছে। তবে তার কাছে পাওয়া যায়নি। যে পরিমাণ পাওয়া গেছে তা দিয়েই গোদাগাড়ী থানায় মামলা দায়ের করা হবে।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ মজিবুর রহমানকে আটক করেছে বলে শুনেছি। থানায় এখনও দেয়নি।




