
হবিগঞ্জের মাধবপুরে বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সেনা সদস্য তাজুল ইসলাম ভূঁইয়ার (৭৮) মৃত্যুর সংবাদ শোনার কিছুক্ষণ পরই তার স্ত্রী আনোয়ারা বেগম (৭০) মারা যান।
বুধবার (২১ ডিসেম্বর) সকাল ৭টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম ভূঁইয়া। এরপর দুপুর ১২টায় উপজেলার চৌমুহনী ইউনিয়নের হাসিনাবাদ গ্রামে মারা যান আনোয়ারা বেগম। এ ঘটনায় ওই এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।
চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার মাগরিবের নামাজের পর হাসিনাবাদ গ্রামে দুজনের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর পারিবারিক কবরস্থানে স্বামী-স্ত্রীকে পাশাপাশি দাফন করা হয়েছে।




