
বাগেরহাটের ফকিরহাট উপজেলার টাউন নোয়াপাড়া এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় বাবার ভ্যান থেকে ছিটকে ট্রাকের নিচে চাপা পড়ে সিনহা খাতুন (৫) নামে এক শিশু নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান শেখ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় খুলনা-মাওয়া মহাসড়কের ওই এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় শিশুটির জমজ বোন সাবিয়া খাতুন, বাবা সেলিম শেখ ও মা তাজমিরা খাতুন আহত হয়েছেন।
জানা গেছে, বুধবার সন্ধ্যায় সেলিম নিজের ভ্যানে করে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে ফকিরহাটের কাটাখালী মোড় থেকে নিজ বাড়িতে যাচ্ছিলেন। পরে খুলনার দিক থেকে আসা একটি মাইক্রোবাস পেছন থেকে ভ্যানটিকে ধাক্কা দেয়। এ সময় ধাক্কায় ভ্যানচালক সেলিম ও ভ্যানে থাকা তার স্ত্রী সন্তানরা ছিটকে রাস্তায় পড়ে যান। একই সময় ঢাকার দিক থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে সিনহা নিহত হন।
এ বিষয়ে ওসি মোহাম্মদ মিজানুর রহমান শেখ বলেন, বুধবার সন্ধ্যায় খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন স্থানীয়রা।




