
ফ্রান্স শিবিরে দুঃসংবাদ যেন পিছুই ছাড়ছেই না। বিশ্বকাপ শুরুর আগে বড় ধরণের ধাক্কা খেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এবার চোটের কারণে ছিটকে গেলেন দলটির সবচেয়ে বড় তারকা ও আক্রমণভাগের প্রাণভোমরা করিম বেনজেমা।
ফ্রান্সের তারকা করিম বেনজেমা শনিবার (১৯ নভেম্বর) কাতারের দোহায় অনুশীলনে নেমেছিলেন। এ সময় বাঁ পায়ের উরুতে তার পুরনো চোট জেগে ওঠে। শঙ্কা দেখা দিয়েছিল তখনই। পরে এমআরআই করার পর জানা যায়, এই আঘাত সেরে উঠতে তার তিন সপ্তাহ সময় নেবে। অর্থ্যাৎ একরকম নিশ্চিতভাবেই বলা যচ্ছে শেষ হয়ে গেছে তার কাতার বিশ্বকাপ।
পল পগবা, এনগোলো কান্তে ও প্রেসনেল কিম্পেম্বে ইনজুরিতে পড়লে বাধ্য হয়ে তাদের ছাড়াই বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেন কোচ দিদিয়ের দেশমস। এরপর দল ঘোষণার পর চোটে ছিটকে যান লাইপজিগ স্ট্রাইকার ক্রিস্টোফার এনকুকু।
এমনিতেই বিশ্বকাপে আসার আগেই দুশ্চিন্তায় ছিলেন দেশম। তারমধ্যে করিম বেনজেমার এই নতুন ইনজুরি রীতিমত শঙ্কায় ফেলে দিয়েছে তাকে।
এ ব্যাপারে দেশম বলেন, করিম এই বিশ্বকাপকে একটি লক্ষ্য বানিয়েছিল। ওর এ অবস্থার জন্য আমি খুবই মর্মাহত।
শোনা যাচ্ছে, বেনজেমা ছিটকে যাওয়ায় দলে তার বদলি হিসেবে ডাক পেতে পারেন অ্যান্থনি মার্শিয়াল।
কাতার বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে রয়েছে ফ্রান্স। এই গ্রুপে দলটির প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ডেনমার্ক ও তিউনিসিয়া। সোমবার (২২ নভেম্বর) নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া, ২৬ নভেম্বর ডেনমার্ক ও ৩০ নভেম্বর তিউনিসিয়ার মুখোমুখি হবে তারা।




