
ফরিদপুরে বাসের চাকা ফেটে গাছের সঙ্গে ধাক্কা লেগে ২ জন নিহত হয়েছেন। আহত আরও ১৫ জন।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর শহরতলির ধুলদি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন মো. শাহীনুর (৩০) ও অপরজনের বয়স ৬০ বছর, তার নাম জানা যায়নি।
জানা গেছে, ঢাকা থেকে খুলনাগামী সোহাগ পরিবহনের একটি বাস ফরিদপুরের ধুলদি এলাকায় আসলে সামনের চাকা ফেটে গাছে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী ও পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে একজন এবং পরে চিকিৎসাধীন অপরজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
ফরিদপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করেছেন।




