
মাদারীপুরে একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন স্বজনরা। ভাঙচুর করা হয় হাসপাতাল।
শুক্রবার (২৩ ডিসেম্বর) বেলা ১২টার দিকে অসুস্থ অবস্থায় মাদারীপুর শহরের পানিছত্র এলাকার বেসরকারি কেআই হাসপাতালে ভর্তি হন তিন কন্যা সন্তানের জননী লাকী আক্তার। দুপুর ১টার দিকে টনসিল অপারেশনের জন্য তাকে নেয়া হয় অপারেশন থিয়েটারে। সেখানে মিজানুর রহমান নামে এক চিকিৎসক তার সহযোগীদের নিয়ে অপারেশন শুরু করেন। পরে মুহূর্তেই অপারেশন টেবিলেই মৃত্যুর কোলে ঢোলে পড়েন এ গৃহবধূ।
কিন্তু বিষয়টি গোপন করে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় অ্যাম্বুলেন্সের মাধ্যমে পাঠানোর চেষ্টা করলে ধরা পড়ে মারা যাবার ঘটনা। লাকীর মৃত্যুর খবরে হাসপাতাল ভাঙচুর করে উত্তেজিত জনতা। বিচার দাবিতে বিক্ষোভ করেন স্বজনরা।
এদিকে এলাকাবাসী জানান, এ হাসপাতালে ভুল চিকিৎসায় প্রায়ই ঘটে মৃত্যুর ঘটনা। হাসপাতালের সামনে বিক্ষোভ পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি যোগ দেয় জেলার গোয়েন্দা পুলিশ।
নিহত লাকীর স্বামী সৈয়দ শামীম বলেন, অপারেশনের ৪ ঘণ্টা পরে বলে ঢাকায় নিতে হবে। এ কথা বলার আগেই মারা যায় লাকী। আমি ডাক্তার ও হাসপাতালের মালিকদের বিচার চাই। কেন আমার তিনটি মেয়েকে মায়ের আদর থেকে বঞ্চিত করলো।
মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) সেলিম সরদার বলেন, এ ব্যাপারে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ।




