
টাঙ্গাইলে ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুতে দেড়ঘণ্টা বন্ধ থাকার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।
শনিবার (২৪ ডিসেম্বর) ভোর ৬টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত টোল আদায় বন্ধ থাকে।
বঙ্গবন্ধু সেতু ট্রাফিক কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, শনিবার ভোরে ঘনকুয়াশার পরিমাণ বেড়ে যায়। এতে দৃষ্টিসীমার ৪০ মিটারের কম হওয়ায় সেতুতে দুর্ঘটনা এড়াতে উভয়পাড়ে টোল আদায় বন্ধ রাখে কর্তৃপক্ষ।
বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী বলেন, ঘন কুয়াশার কারণে ভোরে দৃষ্টিসীমা ৪০ মিটারের কম হওয়ায় দেড় ঘণ্টা টোল আদায় বন্ধ রাখা হয়। বর্তমানে কুয়াশার পরিমাণ কমে যাওয়ায় টোল আদায় শুরু হয়েছে।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ঘন কুয়াশার কারণে সেতুতে টোল আদায় বন্ধ থাকায় মহাসড়কে পরিবহনের দীর্ঘসারির সৃষ্টি হয়েছে। টোল আদায় শুরু হওয়ায় পরিবহন চলাচল শুরু হয়েছে।




