
মাদারীপুরে পানিতে ডুবে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২৫ ডিসেম্বর) সকালে ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের কর্ণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তাহসিন একই এলাকার জাফর তালুকদারের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে খেলতে গিয়ে বাড়ির পাশের একটি ডোবায় পড়ে যায় তাহসিন। মুহূর্তেই পানিতে তলিয়ে যায় শিশুটি। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে তাহসিনকে উদ্ধার করে অসুস্থ অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল চিকিৎসক ডা. শিহাব চৌধুরী জানান, শিশুটিকে হাসপাতালে আনার অনেক আগেই মৃত্যু হয়। দীর্ঘ সময় পানিতে ডুবে থাকায় শিশুর মৃত্যু হয়েছে।




