
পঞ্চগড়ের বোদা উপজেলা বিএনপি নেতা আব্দুর রশীদ আরেফিন পুলিশের গুলিতে মারা যাওয়ায় ঠাকুরগাঁওয়ে ও নাটোরে বিএনপি গায়েবানা জানাজা করেছে।
রোববার (২৫ ডিসেম্বর) বিকেলে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এই জানাজা অনুষ্ঠিত হয়।
নাটোরে গায়েবানা জানাজায় অংশগ্রহণ করেন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, বিএনপি নেতা ফরহাদ আলী দেওয়ান শাহীনসহ নেতাকর্মীরা।
জানাজা শেষে কেন্দ্রীয় বিএনপির নেতা দুলু বলেন, আব্দুর রশীদ আরেফিন ছিলেন বিএনপির একজন আদর্শের সৈনিক। সে সবসময় রাজপথে আন্দোলন-সংগ্রাম চালিয়েছেন। জিয়ার আদর্শের সেই সৈনিককে পুলিশ গুলি করে হত্যা করেছে। আমরা হত্যাকারীদের শাস্তির দাবি করছি। এভাবে আমাদের নেতাকর্মীদের গুলি করে হত্যা করে কোনোভাবেই আন্দোলন দমিয়ে রাখতে পারবে না বর্তমান সরকার। এই সরকারকে পদত্যাগ করিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন করিয়ে তারা ঘরে ফিরবে।

আর ঠাকুরগাঁওয়ে জানাজা শেষে জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান বলেন, গতকাল শনিবার পঞ্চগড়ে পুলিশের গুলিতে আমাদের একজন বিএনপি নেতা শহীদ হয়েছেন। সেই সঙ্গে অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। এ সরকার ভোলা থেকে পুলিশ দিয়ে হত্যা শুরু করে পঞ্চগড়ে এখন পর্যন্ত নয়জনের প্রাণ কেড়ে নিলো। তবে আমরা পিছপা হব না। এ সরকারের পতন ঘটিয়ে আমরা রাজপথ ছাড়ব।
উল্লেখ্য, শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে সারাদেশের ন্যায় পঞ্চগড়েও বেগম খালেদা জিয়াসহ গ্রেপ্তার হওয়া নেতাদের মুক্তিসহ ১০ দফা দাবিতে গণমিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বিএনপি।
এ সময় পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। দেড় ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে পুলিশ বিএনপি নেতাকর্মীদের দিকে রাবার বুলেট, টিয়ার শেল এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এ সময় বিএনপি নেতাকর্মীরাও ইটপাটকেল ছোড়ে।
এ ঘটনায় বোদার ময়দানদীঘি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ আরেফিন মারা যান ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবুসহ অর্ধশতাধিক নেতা আহত হয়েছেন।




