
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সব ধর্মের নেতাদের সহযোগিতা চেয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
সোমবার (২৬ ডিসেম্বর) বিকেলে সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্তঃধর্মীয় সংলাপে এই সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
ফরিদুল হক খান বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার ধর্মীয় সম্প্রীতির দেশ। কিছু মানুষ চায় এই সম্প্রীতি নষ্ট করতে। জঙ্গিবাদ ও বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে ধর্মীয় সম্প্রদায়ের ঐক্য বিনষ্ট করতে ষড়যন্ত্র করা হচ্ছে। আপনাদের সচেতন থাকতে হবে। জনপ্রতিনিধি, প্রশাসনতন্ত্র ও সব ধর্মের নেতাদের সহযোগিতায় ধর্মীয় সম্প্রীতি অটুট রাখতে হবে।
এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, সাড়ে ৭ কোটি মানুষ স্বাধীনতার পরে খেতে পারেনি। তাদের দুবেলা খাবারের সুযোগ ছিল না। এখন ১৭ কোটি মানুষ এই দেশে বসবাস করছে৷ তিন বেলা খেয়ে বাঁচতেছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন জনগণ আমার সম্পদ। ১৭ কোটি মানুষ এবং তাদের ৩৪ কোটি হাত একযোগে কাজ করে অবশ্যই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পোঁছাতে সক্ষম হব।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু হবে। নির্বাচনে ভোট দিয়ে আওয়ামী লীগকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্র ক্ষমতায় আনতে সবাইকে আহ্বান জানান তিনি।
জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে সংলাপে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন ও সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পৌরসভার মেয়র নাদের বখ্ত, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ জাকির হোসেন, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ রজত কান্তি সোম মানস, অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ প্রমুখ।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, জনপ্রতিনিধি, ধমীর্য় নেতা, রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতরা উপস্থিত ছিলেন।




