
সামাজিক অবক্ষয়ের কারণে দেশে দিন দিন ধর্মীয় প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণে সরকারি নীতিমালার প্রয়োজন আছে বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।
বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা অডিটরিয়মে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সবাইকে সচেতন থাকতে হবে। প্রতিটি ধর্মে কিছু খারাপ প্রকৃতির লোক আছে যারা গুজব ছড়িয়ে এদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে। সাম্প্রদায়িক সম্প্রীতির এ দেশে সকল ধর্মের নেতাদের এক হয়ে কাজ করতে হবে।
ধর্ম মন্ত্রণালয়ের আয়োজনে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজলসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান ও নেতারা উপস্থিত ছিলেন।




