
চাঁদপুর শহর জামায়াতের সাবেক আমির অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে শহরের পুরান বাজার এলাকার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার হন তিনি।
গ্রেপ্তারকৃত শাহজাহান মিয়া চাঁদপুর সদর উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান ও চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক চাঁদপুর দিগন্ত পত্রিকার সম্পাদক ও প্রকাশক।
জানা গেছে, শনিবার (২৪ ডিসেম্বর) চাঁদপুর শহরে ১০ দফা দাবি আদায় ও জামায়াতের কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে বের হওয়া গণমিছিল থেকে পুলিশের ওপর হামলা, ককটেল বিস্ফোরণ ও রাস্তায় যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে জামায়াতের ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও প্রায় দেড় শতাধিক নেতাকর্মীর নামে চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক সুমন চন্দ্র নাহা বাদী হয়ে মামলা দায়ের করেন।
ওই দিন পুলিশ গণমিছিল থেকে ১৩ জনকে আটক করলেও যাচাই বাচাই শেষে ছয় শিবির কর্মীকে পরদিন রোববার (২৫ ডিসেম্বর) আদালতে পাঠানো হয়।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ বলেন, শাহজাহান মিয়া এ মামলার এজহারভুক্ত আসামি। বর্তমানে তিনি থানা হেফাজতে আছেন। তাকে আদালতে পাঠানো হবে। এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।




