
বিরোধী দলগুলোর যুগপৎ আন্দোলনের কর্মসূচি নিয়ে গণমিছিল করে জামায়াতে ইসলামী। দুপুর ২টার দিকে মগবাজার থেকে মিছিল বের করে জামায়াতের নেতাকর্মীরা। মিছিল নিয়ে তারা মৌচাক মোড়ে গেলে পুলিশের বাধার মুখে পড়ে। এরপর তারা মালিবাগের দিকে এগোলে ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ছোড়ে পুলিশ। ওই সময় জামায়াতের নেতাকর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
এতে আহত ১০ পুলিশ সদস্যকে পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়।
আহত পুলিশ সদস্যরা হলেন- শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান (এসি নিউমার্কেট জোন), মো. বায়েজীদুর রহমান (এসি রমনা জোন), এসআই সুবীর কুমার কর্মকার (রমনা থানা), এসআই শহীদুল ওসমান মাসুম (রমনা থানা), এসআই হাবিবুর রহমান (রমনা থানা), এসআই মোহাইমিনুল হাসান (রমনা থানা), এএসআই মো. ফিরোজ মিয়া (রমনা থানা), এএসআই কবির হোসেন (রমনা থানা), কনস্টেবল সৌরভ নাথ (পিওএম পূর্ব) ও কনস্টেবল সাদী মোহাম্মদ (পিওএম পূর্ব)।
ঘটনার সত্যতা স্বীকার করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বলেন, মৌচাকে জামায়াতের গণমিছিলে বাধা দেওয়ায় সংঘর্ষে ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের পুলিশ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এসময় পুলিশের সঙ্গে জামায়াত নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য রমনা থানায় নিয়ে যাওয়া হয়েছে।




