
যুক্তরাষ্ট্রের টেক্সাসে আবারও বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। টেক্সাস অঙ্গরাজ্যের অরেঞ্জ শহরে লিংক অ্যাভিনিউর ২১০০ ব্লকে শনিবার (২৪ ডিসেম্বর) ভোর রাতে নিজ বাড়ির ড্রাইভওয়েতে দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলিতে নিহত হন তিনি।
নিহত আসিফ ইমরানের (২৬) খালু ফেরদৌস বারী জানান, ভোরে আসিফ নিজেই তার গাড়ি চালিয়ে অরেঞ্জ শহরের বাসার কাছে পৌঁছালে একদল দুর্বৃত্ত তার গাড়ি লক্ষ্য করে উপর্যুপরি গুলি চালায়। এতে গাড়ির ভেতরেই আসিফ গুলিবিদ্ধ হয়। টহল পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত লাশ উদ্ধার করে। এসময় গাড়ির ভেতর ও বাইর থেকে ১৮টি গুলির খোসা উদ্ধার করে পুলিশ।
হত্যাকাণ্ডে জড়িতদের ধরিয়ে দিতে অরেঞ্জ পুলিশ ইতিমধ্যে পুরষ্কার ঘোষণা করেছে। পরে আসিফের মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
আসিফ বাংলাদেশের বগুড়া শহরের নারুলী কৃষি ফার্ম এলাকার জাকির হোসেন নয়নের ছেলে। ১১ বছর বয়সে তার বাবা-মায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে আসেন।




