
রাঙামাটির কাউখালীর খাজা গরীবে নেওয়াজ ইটভাটা থেকে তিনজন শ্রমিককে অপহরণের অভিযোগ উঠেছে অস্ত্রধারীদের বিরুদ্ধে। বুধবার (২৮ ডিসেম্বর) মধ্যরাতে উপজেলার কলমপতি ইউনিয়নের তারাবনিয়া এলাকার ইটভাটা থেকে তাদের অপহরণ করা হয় বলে জানিয়েছেন ইটভাটা মালিকদের একজন মো. ইদ্রিস।
তিনি বলেন, বুধবার মধ্যরাতে পাহাড়ের একদল অস্ত্রধারী সন্ত্রাসী ইটভাটাতে প্রবেশ করে চাঁদা দাবি করে। মালিকপক্ষ তাৎক্ষণিক চাঁদা পরিশোধ করতে না পারায় তিন শ্রমিককে অপহরণ করে নিয়ে যায় এবং চাঁদা দিয়ে তাদের ছাড়িয়ে আনাসহ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইটভাটার সকল প্রকার কাজ বন্ধ রাখার হুমকি দিয়ে যায় তারা।
অপহৃতরা হলেন, চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ এলাকার গাজী তাহেরের ছেলে মোঃ জিয়াউর রহমান (২৮), নোয়াখালী সদরের মৃত রহমত উল্লাহর ছেলে আহসান উল্লাহ (২৯) ও মোঃ মোসলেম উদ্দিন (৪০)।
এ ব্যাপারে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) কাউখালী থানার অফিসার ইনচার্জ পারভেজ আলী জানান, ইটভাটার মালিক মৌখিকভাবে বিষয়টি আমাকে জানিয়েছে। এর বিস্তারিত জানার চেষ্টা করছি। তবে এ বিষয়ে ভাটা মালিকদের পক্ষ থেকে বৃহস্পতিবার রাত সাড়ে সাতটা পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




