
সারা দেশে ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে (২৯ ডিসেম্বর)। ইউপি নির্বাচনে সবশেষ পাওয়া ফলাফলে দেখা গেছে আওয়ামী লীগের নৌকা প্রতীকে ১৫টি ও স্বতন্ত্র প্রার্থী ১২টি ইউপিতে জয় পেয়েছেন।
রাজধানীর আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের উপ-নির্বাচনে ৪২টি কেন্দ্রের ফলাফলে স্বতন্ত্র প্রার্থী (আনারস) সুমন আহম্মেদ ভুইয়া ১১ হাজার ৯৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের মোশারফ হোসেন মুসা পেয়েছেন ৮ হাজার ৫৬০ ভোট।
এ ব্যাপারে সাভার উপজেলা নির্বাচন কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ইয়ারপুর ইউনিয়ন উপ-নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে দিনব্যাপি আমাদের পর্যাপ্ত সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল।
কুমিল্লার পাঁচ উপজেলার ১৭ ইউনিয়নের নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায়। ১৭ ইউনিয়নের ১৫টিতে চেয়ারম্যান পদে নির্বাচন হয়েছে। বাকি দুটিতে ইউপি সদস্য পদে নির্বাচন হয়েছে। ১৫ ইউনিয়নের ১১টিতে নৌকার প্রার্থীরা জয়ী হয়েছেন। অন্য চারটিতে স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।
এর মধ্যে লাকসামের বাকই দক্ষিণ ইউনিয়নের লাকসামের বাকই দক্ষিণ ইউনিয়নে নৌকা প্রতীকের মো. আব্দুল আউয়াল, লালমাই উপজেলার বাকই উত্তর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী চশমা প্রতীকের প্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান, পেরুল উত্তর ইউনিয়নে নৌকা প্রতীকের আবু ছালেহ মো. কামাল হোসেন বিজয়ী হয়েছেন। পাশাপাশি বরুড়ার ভাউকসার ইউনিয়নে নৌকা প্রতীকের আহমেদ জামান মাসুদ ও শাকপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আবদুল খালেক মুন্সী বিজয়ী হয়েছেন।
এদিকে, নাঙ্গলকোটের আটটি ইউপি নির্বাচনে সাতটিতে নৌকা ও একটিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। নাঙ্গলকোটে নৌকার বিজয়ী প্রার্থীরা হলেন রায়কোট উত্তর ইউনিয়নে মাস্টার রফিকুল ইসলাম, রায়কোট দক্ষিণ ইউনিয়নে আবুল কালাম ভূঁইয়া, আদ্রা উত্তর ইউনিয়নে তাজুল ইসলাম, আদ্রা দক্ষিণ ইউনিয়নে আবু ইউছুফ কোম্পানী, জোড্ডা পূর্ব ইউনিয়নে নুরুল আফসার, দৌলখাঁড় ইউনিয়নে সৈয়দ সাইফুর রহমান বাবলু ও বটতলী ইউনিয়নে আব্দুল জলিল। এছাড়া জোড্ডা পশ্চিম ইউনিয়নে বিজয়ী হয়েছেন ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইউনিয়ন বিএনপি নেতা জসিম উদ্দিন মজুমদার।
দাউদকান্দির দৌলতপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মইন উদ্দিন চৌধুরী ও ইয়লিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন বিজয়ী হয়েছেন।
দাউদকান্দি উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুন নাহার বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে শেষ হয়েছে। বেসরকারিভাবে ফল ঘোষণা করা হয়েছে। ১৫ ইউপির ১১টিতে নৌকার প্রার্থীরা জয়ী হয়েছেন। বাকিগুলোতে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন।
চাঁদপুরের হাইমচর উপজেলার গাজীপুর ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান গাজীকে পরাজিত করে ১০৭ ভোটে জয়লাভ করেছেন মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শাহাদাত হোসেন সবুজ।
উপজেলা নির্বাচন অফিসার মো. শাহজাহান মামুন বলেন, সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
মৌলভীবাজারের জুড়ি উপজেলার ফুলতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী আব্দুল আলিম সেলু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলিম সেলু (ঘোড়া প্রতীক) ৫ হাজার ৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোয়াড়ী ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। ১ নং জোয়াড়ী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী আলী আকবর পেয়েছেন ৯ হাজার ২৪৪ ভোট।
ফরিদপুরের আলফাডাঙ্গা সদর ইউনিয়নে খুব অল্প ব্যবধানে জিতেছেন আওয়ামী লীগ প্রার্থী সোহরাব হোসেন। তিনি পেয়েছেন ১,৯৯০ ভোট। তার নিকটতম আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. মনিরুজ্জামান (চশমা) পেয়েছেন ১,৮৪৬ ভোট। গোপালপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মো. সাইফুল খান ৫ হাজার ২৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। একই জেলার বুরাইচ ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল ওয়াহাব মিয়া ৩৮৩৫ বোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
রাজশাহী দুই ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পুঠিয়ার ভালুকগাছি ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জিল্লুর রহমান ও শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাজ্জাদ হোসেন মুকুল।
পুঠিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা জয়নুল আবেদীন জানান, ভালুকগাছি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জিল্লুর রহমান ৯ হাজার ৯৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্রপ্রার্থী বিএনপি নেতা একরামূল হক পেয়েছেন ৫ হাজার ২৭৬ ভোট।
ভোলার চরফ্যাশনে তিন ইউপি নির্বাচনে যারা জয়লাভ করেছেন তারা হলেন, জিন্নাগড় ইউনিয়নে নৌকার মনোনীত প্রার্থী মো. হোসেন মিয়া (নৌকা), আমিনাবাদ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সায়েদুর রহমান মিঠু (আনারস) ও নীল কমল ইউনিয়নে ইকবাল হোসেন লিখন (মোটরসাইকেল)।




