
‘মিসেস এশিয়া বাংলাদেশ-২০২২’ বিভাগে বিজয়ী হয়েছেন রাহা। (১১ নভেম্বর) রাজধানীতে অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতা।
তবে এই প্রতিযোগী রোববার (২৭ নভেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠান আয়োজকদের বিরুদ্ধে টাকা আত্মসাৎ, ভয়ভীতি এমনকি হুমকি দেওয়ার অভিযোগে গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি ১৯৪৪-২৭-১১-২০২২) করেছেন।
জিডির বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন গুলশান থানার উপপরিদর্শক মো. ফাইজুল হক।
রাহা মূলত সুন্দরী প্রতিযোগিতার আয়োজক প্রতিষ্ঠান অপূর্ব ডটকমের মালিক অপূর্ব আবদুল লতিফ ও তার স্ত্রী আফসানা হেলালি ওরফে জোনাকির নামে জিডি করেছেন।
জিডিতে তিনি বিস্তারিত বিবরণ দিয়েছেন। সেখানে লেখা, মিসেস এশিয়া নির্বাচিত হওয়ার পর (২০ নভেম্বর) থেকে শুরু হওয়া থাইল্যান্ডে ‘মিসেস এশিয়া ইন্টারন্যাশনাল-২০২২’ অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল তার। সেখানে পাঠানোর কথা বলে অপূর্ব ডটকমের মালিক ও তার স্ত্রী ভিসা, বিমানভাড়া, খাওয়া-দাওয়া, থাকা ও অনুষ্ঠানের জন্য পোশাক কেনা বাবদ তার কাছ থেকে ছয় লাখ টাকা ও পাসপোর্ট নিয়েছেন।
এ ছাড়া তিনি আরও জানান, দিন যতই ঘনিয়ে আসছিল কোনো খবর পাচ্ছিলেন না। এরপর বিষয়টির খোঁজখবর নিতে গেলে, তাকে আরও ১৪ লাখ টাকা দিতে বলেন আয়োজকরা। এ কারণেই পরে তিনি তাদের বিরুদ্ধে থানায় ওই অভিযোগ দায়ের করেছেন।
তবে আয়োজক প্রতিষ্ঠান অপূর্ব ডটকমের মালিক আবদুল লতিফ বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেছেন বিষয়টি মিথ্যা ও বানোয়াট। অন্যদিকে রাহা বলেছেন, সকল প্রমাণ আছে বলেই আমি জিডি করেছি এবং বিষয়টি আইনিভাবে সমাধান হবে।




