
নোয়াখালীর সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়নের দৌলতপুর গ্রামে ২০ জন হতদরিদ্র তরুণ-তরুণীর যৌতুকবিহীন বিয়ে দেওয়া হয়েছে। এ সময় বিয়েতে ১০ হাজার মানুষের খাবারের আয়োজন করা হয়।
শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে ওই গ্রামের ভূঁঞা বাড়িতে মুসলিম রীতিতে তাদের বিয়ে দেওয়া হয়। এ সময় বরের হাতে স্বাবলম্বী হওয়ার জন্য ৫০ হাজার টাকা ও কনের গলায় আট আনা স্বর্ণের চেইন পরিয়ে দেওয়া হয়।
জানা গেছে, সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়নের দৌলতপুর গ্রামের বাসিন্দা বিজিএমই পরিচালক ও টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল রাকিব পুরো আয়োজনের অর্থায়ন করেন। চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান খাওয়ানো হয় বর-কনের আত্মীয় স্বজনসহ প্রায় ১০ হাজার মানুষকে।
অর্জুনতলা ইউনিয়নের কাজী বেলাল হোসেন জানান, নোয়াখালীতে এবারই প্রথম ১০ জন অসহায় বর-কনের গণবিয়ে।
এ বিষয়ে গণবিয়ের আয়োজক আবদুল্লাহ হিল রাকিব জানান, সামাজিক মূল্যবোধ ও দায়বদ্ধতা থেকেই এই আয়োজন করা হয়েছে। আল্লাহ কাউকে সামর্থ্য দিয়ে পরীক্ষা করেন, কাউকে না দিয়ে পরীক্ষা করেন।




