
ময়মনসিংহের ভালুকা উপজেলায় শিশুকে (৮) বরই দেওয়ার কথা বলে ধর্ষণের ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৮ জানুয়ারি) ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (১৭ জানুয়ারি) তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়। সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের কড়ুইতলী এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের কড়ুইতলী এলাকার রিপন মিয়ার ছেলে মো. সাগর (১৯)।
জানা গেছে, ভুক্তভোগী শিশুর বাবা মারা যাওয়ার কারণে তার মা স্থানীয় একটি কটন মিলে শ্রমিকের কাজ করেন। সোমবার ভুক্তভোগীকে বাড়িতে রেখে কাজে যান তার মা। পরে দুপুরের দিকে শিশুটি বাড়ির পাশে বরই গাছের নিচে খেলাধুলা করছিল। ওই সময় সাগর বরই দেওয়ার কথা বলে ভুক্তভোগী শিশুটিকে ঘরে নিয়ে ধর্ষণ করে।
ধর্ষণের পর ভুক্তভোগীকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে কাউকে কিছু না বলার জন্য হুমকি দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। পরে একই দিন রাতে তার মা ডিউটি থেকে ফিরলে ভুক্তভোগী সব ঘটনা বলে দেয়। এ সময় ভুক্তভোগীর মা জরুরি সেবা ৯৯৯ এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত সাগরকে গ্রেপ্তার করে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, সোমবার রাতে ৯৯৯ এ ফোন পেয়ে বখাটেকে সাগরকে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর শিশুর ফরেনসিক পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।




