
কুড়িগ্রামের উলিপুর দলদলিয়া ইউনিয়নে এইচএসসি পরীক্ষায় দুই মেয়ের ফেল করার সংবাদ শুনে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) স্থানীয় ইউপি সদস্য মো. আজিজুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল ৯টায় পারিবারিক কবরস্থানে তার দাফন হয়েছে।
মৃত আব্দুল গফফার (৫৪) দলদলিয়া ইউনিয়নের আব্দুল হাদি মৌজার বাহা বন্ধ গ্রামের বাসিন্দা। তিনি দলদলিয়া দাখিল বালিকা মাদরাসার শিক্ষক ছিলেন। তার দুই মেয়ে রাজারহাট ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে ছিলেন।
স্থানীরা জানান, বুধবার সকালে গফফারের দুই মেয়ে এইচএসসি পরীক্ষার ফলাফল জানতে বিদ্যালয়ে যান। এ সময় দুই বোনই ফেল করেছেন বলে জানেন শিক্ষকরা। এ সময় তারা বাড়িতে এসে কান্না শুরু করে দেন। এ সময় তাদের বাবা গফফার ফেল করার কথা জানতে পেরে চিন্তায় অস্থির হয়ে পড়েন। পরে বিলাপ করতে করতে হঠাৎ মেঝেতে পড়ে যান তিনি। এর কিছু সময় পর মারা যান। স্থানীয় চিকিৎসকরা জানান হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মো. আজিজুল হক জানান, গফফার সাহেব দীর্ঘদিন যাবত হার্টের রোগে ভুগছিলেন। বুধবার দুপুরে তার দুই মেয়ের ফেলের সংবাদ শুনে অসুস্থ হয়ে মেঝেতে পড়ে যান তিনি। পরে অল্প সময়ের মধ্যে তার মৃত্যু হয়।




