
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, দেশে ও আন্তর্জাতিক বাজারে কাজুবাদাম ও কফির বিশাল চাহিদা রয়েছে। দামও অনেক বেশি। এসব ফসলের চাষাবাদ ও প্রক্রিয়াজাত বাড়াতে হবে। পাহাড়ের বৃহৎ এলাকাজুড়ে এসব ফসল চাষের অনেক সম্ভাবনা রয়েছে।
বুধবার (৫ এপ্রিল) দুপুরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় কাজুবাদাম ও কফি বাগান পরিদর্শন এবং চাষিদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন তিনি।
ড. আব্দুর রাজ্জাক বলেন, কাজুবাদাম ও কফির চাষ জনপ্রিয় করতে কৃষক ও উদ্যোক্তাদের আমরা বিনামূল্যে উন্নত জাতের চারা, প্রযুক্তি ও পরামর্শসেবা দিয়ে যাচ্ছি। এখন পর্যন্ত কফি ও কাজুবাদামের ১২ লাখ চারা বিনামূল্যে কৃষকদেরকে দেওয়া হয়েছে। এ বছর আরও ২০ লাখ চারা কৃষকদের দেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়কমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, এমপি দীপংকর তালুকদার, এমপি বাসন্তী চাকমা, কৃষিসচিব ওয়াহিদা আক্তার, বিএআরসির নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মো. বখতিয়ার, পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাসসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।




