
ইউএসএআইডি’র ফিড দ্য ফিউচার বাংলাদেশ নিউট্রিশন অ্যাক্টিভিটির আয়োজনে ‘উন্নত পুষ্টি, নিরাপদ পানি ও স্বাস্থ্যবিধি আচরণ উন্নয়নের জন্য কিশোর-কিশোরীদের ক্ষমতায়ন’ শীর্ষক এক জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ মে) রাজধানীর একটি হোটেলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ফিড দ্য ফিউচার বাংলাদেশ নিউট্রিশন অ্যাক্টিভিটি ইউএসএআইডি’র অর্থায়নে পরিচালিত একটি প্রকল্প, যা অ্যাবটঅ্যাসোসিয়েটসের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে।
এই প্রকল্পের উদ্দেশ্য গ্রামীণ পরিবারের সদস্যদের, বিশেষ করে পাঁচ বছরের কম বয়সী শিশু, গর্ভবতী, বুকের দুধ খাওয়াচ্ছেন এমন নারীদের এবং কিশোর-কিশোরীদের পুষ্টি পরিস্থিতির উন্নতি সাধন। তাই, নিউট্রিশন অ্যাক্টিভিটি গ্রামীণ মাধ্যমিক বিদ্যালয়গুলোতে জীবন দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব এবং অ্যাডভোকেসি করার দক্ষতা, লিঙ্গ সমতা, পুষ্টি, স্বাস্থ্য এবং স্বাস্থ্যবিধি বিষয়ে শিক্ষা প্রদানের মাধ্যমে কিশোর ও কিশোরীদের উৎকর্ষতা বৃদ্ধিতে সহায়তা করে আসছে।
কর্মশালায় প্রধান অতিথি পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম গ্রামীণ স্কুলগুলোকে শক্তিশালী করার জন্য সরকার এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে ইউএসএআইডি’র প্রচেষ্টার প্রশংসা করেন।
তিনি বলেন, এই ধরনের উদ্যোগ শুধু দেশের এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করবে না বরং ভবিষ্যতের বুদ্ধিদীপ্ত ও সুস্থ নেতা তৈরি করবে, যারা দেশকে বৃহত্তর সমৃদ্ধির দিকে নিয়ে যাবে।
ইউএসএআইড’র ইকোনমিক গ্রোথ অফিসের পরিচালক মুহাম্মদ খান বলেন, বিভিন্ন সেক্টরের স্টেকহোল্ডারদের একত্রিত করার মাধ্যমে আমরা টেকসই মডেলের বাস্তবায়নকে উৎসাহিত করি যা পুষ্টি এবং স্বাস্থ্যবিধির ফলাফলগুলিকে শক্তিশালী করতে পারে এবং গ্রামীণ কিশোর-কিশোরীদের এবং তাদের পরিবারের জীবনে দৃশ্যমান পরিবর্তন আনতে পারে।
ফিড দ্য ফিউচার বাংলাদেশ নিউট্রিশন অ্যাক্টিভিটির মুখপাত্র এবং অ্যাবট অ্যাসোসিয়েটসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যালিসন বেয়ার বলেন, আমরা বিশ্বাস করি শিক্ষা ও সচেতনতার মাধ্যমে কিশোর-কিশোরীদের ক্ষমতায়ন গ্রামীণ বাংলাদেশে পুষ্টি এবং স্বাস্থ্যবিধি আচরণের উন্নতির চাবিকাঠি।




