
ভোলার সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নে সিগারেট লুকানোকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক জেলে খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ইতোমধ্যে এ ঘটনায় আরেক জেলেকে আটক করেছে পুলিশ।
শনিবার (৯ সেপ্টেম্বর) ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বেলা ১১টার দিকে ওই ইউনিয়নের চড়ার মাথা মৎস্যঘাটের পশ্চিম পাশে মেঘনা নদীর তীরে এ ঘটনা ঘটে।
নিহতের নাম রাসেল (১৮)। আটককৃতের নাম মো. রিয়াজ (২৫)। তারা দুজন পেশায় জেলে।
স্থানীয়রা জানান, শনিবার সকালে কয়েক জেলে ওই নদীপাড়ে বসে মাছ শিকারের জাল মেরামত করছিল। এ সময় সিগারেট লুকানোয় রিয়াজ মাঝি ও রাসেল মাঝির মধ্যে বাকবিতণ্ডা হয়। এতে রিয়াজ মাঝি রেগে গিয়ে রাসেলের গলায় ছুরিকাঘাত করেন। পরে স্থানীয় জেলেরা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইনচার্জ মো. গোলাম মোস্তফা জানান, শনিবার সকালে সিগারেট লুকানো নিয়ে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত রিয়াজকে আটক করা হয়েছে।




