
কক্সবাজারের অভিযান চালিয়ে ক্যাম্প ছেড়ে পালিয়ে যাওয়া ৫৮ জন রোহিঙ্গাকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
বুধবার (২০ সেপ্টেম্বর) কক্সবাজার সদরের লিংক রোডে গাড়িতে তল্লাশি চালিয়ে ওই রোহিঙ্গাদের আটক করা হয়। ডিবির পরিদর্শক মোহাম্মদ জহির উদ্দিন আহম্মেদের নেতৃত্বে অভিযান চালানো হয়।
ডিবি জানায়, শরণার্থী রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা বেষ্টনী ফাঁকি দিয়ে উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে কৌশলে পালিয়ে যাচ্ছে রোহিঙ্গারা। এভাবে পালাতে গিয়ে প্রায় প্রতিদিন কোথাও না কোথাও ধরা পড়ছে তারা। কাজের সন্ধানে তারা ক্যাম্প থেকে বের হয়ে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে।
ডিবি আরও জানায়, আটককৃত রোহিঙ্গারা বিভিন্ন কাজের সন্ধানে বের হয়েছিল। কাঁটাতারের বেড়া ও ক্যাম্পের আইনশৃঙ্খলা বাহিনীর অন্তত ১০টি চেকপোস্ট ফাঁকি দিয়ে রোহিঙ্গারা দেশে ছড়িয়ে যাচ্ছে, এ বিষয়ে কঠোর নজরদারি করা হচ্ছে।
আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে উখিয়া থানা পুলিশের মাধ্যমে কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ইনচার্জের (সিআইসি) কাছে পাঠানোর ব্যবস্থা প্রক্রিয়াধীন।




