
মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নে নিখোঁজের পাঁচদিন পর ধানখেত থেকে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২০ সেপ্টেম্বর) রাতে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বিকেলে ওই ইউনিয়নের বাচামারা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তি শিবচরের বাচামারার বাবনাতলা এলাকার মৃত খবির তালুকদারের ছেলে কহিনুর তালুকদার (৭০)।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় , কহিনুর দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিল। গত ১৫ সেপ্টেম্বর বিকেলে বাবনাতলা বাজারের উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ি ফেরেননি। বুধবার বিকেলে বাচামারা এলাকার একটি ধানখেতের পাশে অর্ধগলিত মরদেহ দেখে পুলিশে সংবাদ দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেন।
ওসি সুব্রত গোলদার জানান, বুধবার বিকেলে খবর পেয়ে ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। পরে পরিবারের লোকজন শনাক্ত করেছেন। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, অসুস্থ হয়ে বা স্ট্রোক করে পরে গিয়ে মারা যেতে পারেন তিনি।




