
সাভারের আশুলিয়ায় নিখোঁজের পাঁচদিন পর সাবিনা ইয়াসমিন উর্মি নামে আশা এনজিওর এক মাঠকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
বুধবার রাতে আশুলিয়ার দেওয়ানপাড়া থেকে মাটিচাপা দেয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার এসআই আশরাফুল আলম জানান, গেলো বৃহস্পতিবার বিকেলে সাবিনা আশুলিয়ার দেওয়ানপাড়ায় ঋণের টাকা তুলতে যান। তিনি গ্রাহকদের কাছ থেকে ঋণের দেড় লাখ টাকা তোলেন। পরে তিনি দেওয়ানপাড়ায় মোসলেম নামে এক গ্রাহকের বাড়িতে কিস্তির টাকা আনতে যান। সেখানে সাবিনাকে শ্বাসরোধে হত্যা করে মোসলেম ও তার সহযোগীরা। পরে মোসলেম বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে সাবিনার মরদেহ মাটিচাপা দিয়ে রাখে।
তিনি জানান, এ ঘটনায় আশা এনজিও কর্তৃপক্ষ আশুলিয়া থানায় একটি ডায়রি করে। পরে প্রযুক্তির সহায়তায় মোসলেম ও তার স্ত্রীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা হত্যার পর মরদেহ মাটি চাপা দেয়ার কথা স্বীকার করেন। সাবিনার মরদেহ উদ্ধার করা হয়।
এসএস




