
জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে এইচপিভি টিকা বিশ্বব্যাপী পরীক্ষিত নিরাপদ ও কার্যকর। এ কারণে পঞ্চম থেকে নবম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রী এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের এইচপিভি টিকা প্রদান করা হবে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে মানিকগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে সিভিল সার্জন কার্যালয় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মানিকগঞ্জে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. ঈষিতা ফারহা।
এ সময় উপস্থিত ছিল সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আল-আমিন ও ডা. ইসমত জাহান ভূঁইয়া।
আগামী রোববার (১৫ অক্টোবর) জেলা শহরের এসকে সরকারি বালিকা বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই টিকা কার্যক্রমের উদ্বোধন হবে। আগামী ১৮ কার্য দিবসের মধ্যে জেলার এক হাজার ১৮৪ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে ৭১ হাজার ৪১৫ জন ছাত্রীকে টিকা দেওয়া হবে।




