
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফেনীর তরুণ চিত্রশিল্পী তানিয়া ফারাবি তিশার মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের ন্যাশনাল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিশার বাবা নুরুল আবসার ঢাকা থেকে প্রকাশিত মাসিক ‘মৌলিক’ পত্রিকার সম্পাদক।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নুরুল আবসার জানান, ৪ দিন আগে তিশা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে প্রথমে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে তাকে দেখাশোনার কেউ না থাকায় বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বৃহস্পতিবার সকাল থেকে তার অবস্থার অবনতি ঘটে এবং বিকেলে চিকিৎসকরা একবার মৃত ঘোষণা করেন। দুই ঘণ্টা পর তার আবার জ্ঞান ফিরলে পরে চট্টগ্রাম ন্যাশনাল হসপিটালে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানে আজ দুপুরে তার মৃত্যু হয়।
তিশার ফুপু সাম্য লীনা গণমাধ্যমকে জানান, তিশা ফেনীতে বিভিন্ন প্রতিষ্ঠানে চিত্রশিক্ষক হিসেবেও কাজ করতেন। গতবছর তিশা ও তার বন্ধুরা ফেনী শহরের বিভিন্ন পয়েন্টে গ্রাফিতি অঙ্কন করে শহরবাসীর প্রশংসা অর্জন করেন। একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনেও কাজ করতেন তিশা।
তিনি জানান, তাদের গ্রামের বাড়ি ফেনীর দাগনভূঞার রাজাপুর ইউনিয়নের ঘোনা এলাকায়। আজ রাতে গ্রামের বাড়িতে জানাজা শেষে মরদেহ দাফন করার কথা রয়েছে।




