
আমি জাল ভোটে এমপি হতে চাই না বলে মন্তব্য করেছেন ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নৌকার প্রার্থী নিজাম উদ্দিন হাজারী।
শুক্রবার (২৯ ডিসেম্বর) ফেনী সদর আসনে ছনুয়া ইউনিয়ন ও মোটুবী ইউনিয়নে নির্বাচনী পথসভায় এ কথা বলেন তিনি।
নিজাম উদ্দিন হাজারী বলেন, সমগ্র বিশ্বকে দেখিয়ে দিন শেখ হাসিনার অধীনেই অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে। আমি জাল ভোটে এমপি হতে চাই না। আপনারা আমাকে যদি উপযুক্ত মনে করেন ৭ জানুয়ারিতে আমাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
মা-বোনসহ সকলকে কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, অনেক আশা নিয়ে আপনাদের কাছে এসেছি, নিরাশ করবেন না। আমি আপনাদের ছেলের মতো, ছোট ভাই ও বড় ভাইয়ের মতো। আপনাদের ভোটে আমি যদি এমপি হতে পারি আগামী ৭ জানুয়ারির পর সকল অসমাপ্ত কাজ সম্পন্ন করা হবে।
এ সময় ফেনী সদর আসনে ছনুয়া ইউনিয়ন ও মোটুবী ইউনিয়নে জনসংযোগ করেন নিজাম উদ্দিন হাজারী। তার সঙ্গে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ছনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান করিম উল্লাহ বিকম, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক মো. মোস্তফা হোসেন, মোটবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন-অর রশিদ, মোটবী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম, ছনুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদ উল্লাহ তপন, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আকরামুজ্জামান রাজু, সাধারণ সম্পাদক বেলাল হোসেনসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা।




